দীর্ঘশ্বাস

মানুষ একা, সবসময়ই একা। চায়ের কাপে ঝড় তোলা উৎফুল্ল আড্ডার মাঝে মানুষ একা। উন্মত্ত কনসার্টে স্বতঃস্ফুর্ত উল্লাসের মাঝে মানুষ একা। পরিবারের শক্ত বাঁধনে জড়িয়ে থেকেও মানুষ একা। প্রিয়জনের হাত ধরে গোধূলি বিকেলে পিচঢালা পথটার মাঝে কেটে যাওয়া সময়টুকুতেও মানুষ একা। নিঃসঙ্গ, নিস্তব্ধ একাকী চিলেকোঠায় মানুষ একা। কোলাহলবিহীন হাইওয়েতে, বাতাসে নৃত্যরত ঘন ছায়াবিথী তলে মানুষ একা।
তবুও......
চায়ের কাপে ঝড় তোলা আড্ডার মুহূর্তগুলো আনন্দময়। উন্মত্ত কনসার্টে পাগলামিতে মেতে উঠা সময়গুলো আনন্দময়। পারিবারের শক্ত বাঁধনে আষ্টেপৃষ্ঠে মিশে থাকা সময়গুলো ভাল লাগার অনুভূতি জাগায়। প্রিয়জনের হাত ধরে একসাথে কাটানো বেলাগুলো স্বর্গীয় শিহরণ জাগায়। নিঃসঙ্গ, নিস্তব্ধ একাকী চিলেকোঠায় বিষন্নতাকে সঙ্গী করে মানুষ আনন্দ খুঁজে ফিরে। কোলাহলবিহীন হাইওয়েতে, বাতাসে নৃত্যরত ঘন ছায়াবিথী তলে প্রকৃতির কোলে নিজেকে সপে দিয়ে মানুষ আনন্দের সন্ধান করে ফিরে।
তবে বলতেই পারি, জীবন মানে আনন্দের ফুলঝুড়িতে নিজের একাকীত্বকে রাঙিয়ে বেঁচে থাকা।
জীবন মানে, একটা গভীর দীর্ঘশ্বাস... তারপর চিৎকার করে বলে উঠা "লাইফ ইজ বিউটিফুল......"।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ